Showing posts with label PERSONAL MUSINGS. Show all posts
Showing posts with label PERSONAL MUSINGS. Show all posts

Wednesday, June 13, 2012

শৈশব - ১


আমি যখন ছোট ছিলাম সারাদিন স্বপ্নের রাজ্যে বিচরণ করতে ভালবাসতাম । আমাদের বাড়ির সামনে ছিল মস্ত বড় একটা পার্ক ।  ছাদের ঘরের জানালায় উঁকি মারত বিরাট একটা নিম গাছের ডাল । তার কচি, সবুজ পাতাগুলো হাওয়ায় দুলে দুলে হাতছানি দিত আমায়। দিনের বেলায় সূর্যের আলোর ঝিকিমিকি পাতার সবুজের উপর যখন খেলা করত তখন সুবর্ণ বনানীর শোভা মন ও চোখ দুই কেড়ে নিত। সেই খেলা দেখতে দেখতে কত যে ঘণ্টা কেটে যেত তা আর বলার নয় ।বলা বাহুল্য পড়াশোনা  খুব একটা বেশী হত না এবং তাতে মন ও ছিল না বিশেষ ।

এখন জানালা দিয়ে বাইরে তাকালে চোখে পড়ে আকাশ ঢাকা কংক্রিটের বিল্ডিং । সামনেই এম সি ডির ছোট একটা পার্ক যেটা অযত্নে জংগলে পরিণত হয়েছে । সরকারি মালীগুলো বড়ই বেয়াড়া – শত ডাকলেও আসে না । তাই পরিষ্কারের পাট অনেক আগেই উঠে গেছে । ফলে কিছু আবাসী পার্কটাকে ময়লা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করতে শুরু করেছে ।

এই ফ্ল্যাটে আসার পর শখ করে পার্কে একটা নিম গাছের চারা পুঁতে দেওয়া হয়েছিল । তখন পার্কটা পার্কই ছিল – বনে পরিণত হয়নি । সেই চারা আপন উৎসাহেই বেড়ে উঠে বিশাল ছায়া ঘেরা বৃক্ষ হয়ে আকাশের সাথে নীরবে কথোপকথন করত । কিছু মাস হল গাছটা দেখি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ।

চড়ুই পাখী আজকাল খুব একটা নজর পড়ে না। দু একটা গাছ ফ্ল্যাটের সামনে পুঁতেছিলাম – পাতাবাহার, ক্রোটন, মানি প্ল্যান্ট, চাঁপা। এবার গরমে দেখি প্রায়ঃ অনেক গাছই ঝলসে পুরে যাচ্ছে।

সেই সোনালীর খেলা, আকাশের মেলা, হাওয়ার দোলা, মন ভোলানো সবুজের ছোঁয়া আর কী কখন ফিরে পাওয়া যাবে ?

তাই ভাবি...        



Thursday, June 07, 2012

অনেক দিন পর

আজ  অনেক দিন পর ব্লগে এসে দেখি সব  ওলট পালট হয়ে গেছে । লাইনের  এলাইনমেন্ট  বিগড়ে গেছে । রঙ  পাল্টে গেছে - লালের জায়গায় মেরুন ।এরা আমার ব্লগ নিয়ে করছেটা কী ? তবে এখন টাইপ  করার সুবিধে হয়েছে মনে হয় । ভালো হলেই ভালো।

 

খুব গরম পড়েছে । চল্লিশের ওপরে টেম্পারেচার যাচ্ছে । এদিকে বাডিতে  প্রচুর রিপেয়ারের কাজ দরকার । কি করে যে কী  হবে বুঝে উঠতে পারছি না । আবার শরীর ও সহায় নয় - ভার্টিগো । বেশ কিছু দিন  হলো ভুগছি । ছুটি নেই । অথচ  বাডিতে কাজ  করাতে হলে  ছুটি চাই । এখন  শুধু ভগবান  সহায় ।